সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা : প্রতিবেদন ১৫ অক্টোবর
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন নতুন এ দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক জালাল উদ্দীন বলেন, এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায়, বিচারক আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।’
উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোর ৫টা ১০মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে গ্রেফতার করে র্যাব। সাহেদ লবঙ্গবতী নদী তীরের ইছামতি খাল দিয়ে ভারতে পালাতে চেয়েছিল বলে র্যাব কর্মকর্তারা জানান। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সাহেদসহ তিন জনকে আসামি করা হয়।
সাহেদকে গ্রেফতারের পর হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে নেওয়া হয় র্যাব হেডকোয়ার্টারে। সেখান থেকে তাকে নিয়ে অভিযান চালানো হয় উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায়। এ সময় সাহেদের সহযোগী মাসুদকে সঙ্গে রাখা হয়। সেখানে রিজেন্ট গ্রুপের এক কার্যালয় থেকে এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের কথা জানায় র্যাব।
গত ১৬ জুলাই এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র্যাব-১ এর কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়ে সাহেদকে। এছাড়া রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে দুই নম্বর এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।


