সিনহা নিহতের ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবেন না। প্রতিবেদন অনুযায়ী, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের আইন অনুযায়ী সাজা প্রদান করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তদন্তে যদি কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার বিচার চেয়ে বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির বড় বোন শারমিন। আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি গ্রহণ করেন। তিনি এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে সাত দিনের মধ্যে আদালতকে অবহিত করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।


