সিলেট ছাড়া আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

সিলেট ছাড়া আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা তাপপ্রবাহের মধ্যেই রবিবার (২৮ এপ্রিল) ঢাকাসহ বেশিরভাগ জায়গার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সোম ও মঙ্গলবার সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আবারও তিন দিনের “হিট এলার্ট” জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে; ৪২.২। এছাড়া ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে- রাজশাহীতে ৪২, যা শনিবার ছিল ৪১.৫, চুয়াডাঙ্গায় কিছুটা কমে ৪১.৮, শনিবার ছিল ৪২.৭, ঈশ্বরদীতেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪১.৩, শনিবার ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাতক্ষীরায় রবিবার তাপমাত্রা বেড়ে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, শনিবার যা ছিল ৩৯.৪।

আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা শনিবার ছিল ৩৭.৪ ডিগ্রি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারের পূর্বাভাস প্রায় একই কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “তাপপ্রবাহ অব্যাহত আছে এবং থাকবে। এপ্রিল মাসে (২৯ ও ৩০ এপ্রিল) সিলেট ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *