পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, আফগানিস্তানে যুদ্ধ অবসানের সময় হয়েছে। তিনি বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের মাধ্যমেই এই যুদ্ধের অবসান হবে। এই সমস্যা আমার কোনো উত্তরসূরির জন্য রেখে যেতে চাই না।
দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেন।
হয়তো বাইডেন আগামী সেপ্টেম্বরেই আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবেন। ওই মাসেই আফগান যুদ্ধের ২০ বছর পূর্ণ হবে।
বাইডেন তার ভাষণে বলেছেন, এখন সময় হয়েছে আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর। তবে আমেরিকা সৈন্য প্রত্যাহার করে নিলেও তার সরকার আফগানিস্তানের সরকারকে সহায়তা করে যাবে।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম চালিয়ে যাওয়ার জন্য শুরু করা হয়নি। আমেরিকা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিল, তা অর্জিত হয়েছে।
তালেবানদের উৎখাত করতে ২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তাদের দাবি ছিল, তালেবানরা ওসামা বিন লাদেন এবং অন্য আল-কায়েদা নেতাদের লালন করেছে, যারা ৯/১১ এর হামলার সঙ্গে জড়িত ছিল।


