সৌদির কারাগারে প্রতিবাদী দাঈ সালমান আওদা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: কারাগারের ভেতরই প্রতিবাদী হয়ে ওঠেছেন খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্ব শায়খ সালমান আল-আওদাহ।
সৌদি আরবের প্রখ্যাত তিন ইসলামিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে আটক রয়েছেন। তাদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কারাকর্তৃপক্ষের নিপীড়নের প্রতিবাদ করেছেন প্রখ্যাত দাঈ শায়খ সালমান আল-আওদাহ। নির্যাতনের প্রতিবাদে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেননি। খবর মিডলইস্ট মনিটর।
শায়খ সালমান আল-আওদাহ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় কারাগারে আটক আছেন। সম্প্রতি তার পরিবার তার সঙ্গে সাক্ষাতে আসলে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। কারাকর্তৃপক্ষের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদস্বরূপ তিনি সাক্ষাত প্রত্যাখান করেন।
সম্প্রতি এক শুনানিতে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। সালমান আওদার ছেলে আবদুল্লাহর বক্তব্য থেকে জানা যায়, ‘সালমান আওদার পরিবারকে সোমবার সালমান আওদার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের অপরাধ আদালত গত ২৭ নভেম্বর সালমান আল-আওদার বিচার ৩০ জানুয়ারী পর্যন্ত মুলতবি করে দেয়। সালমান আল-আওদাহ ছাড়াও দেশটির অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার এমনকি ইমামদেরও গ্রেফতার করা হয়।


