সড়ক দুর্ঘটনায় সারা দেশে সাংবাদিকসহ ৯ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সারা দেশে সাংবাদিকসহ ৯ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলার চরফ্যাশন, ব্রাহ্মণবাড়িয়া সদর, যশোরের বাঘাপাড়া, গাজীপুরের কাশিমপুর, ঢাকার ধামরাই এবং কুড়িগ্রামের উলিপুরে। সবগুলো স্থানে একজন করে মারা গেছেন।

বাসচাপায় ব্রাহ্মণবাড়িয়া সদরে উজ্জল মিয়া (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায়। যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজার বাসস্ট্যান্ডে সকালে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেনের (৬০) মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার গহেরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হন।

দিনাজপুরের বিরামপুরে গত ২৮ আগস্ট মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষে আহত হয়েছিলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম (৪০)। তিনি আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই জেলার বীরগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে হাকিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বীরগঞ্জ পৌর শহরের আজ সকাল সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের উলিপুরে আজ সকালে ইজিবাইকের ধাক্কায় ৬০ বছর বয়সী ওহেদ আলীর মৃত্যু হয়েছে। তিনি হাতিয়া ইউনিয়নের আজিজার রহমানের ছেলে। এছাড়া গাজীপুরের কাশিমপুরে বাসচাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবির মৃত মীর শহিদের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছচাষী হানিফ আলীর (৩০) মৃত্য হয়েছে ট্রলি-মাহিন্দ্রার সংঘর্ষে। আজ মঙ্গলবার দুপুরে মহদিপুর পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সাইদুলের ছেলে। এদিকে, ভোলার চরফ্যাশন দক্ষিণে বোরাকচাপায় প্রাণ হারিয়েছেন মো. সেলামত মোল্লা (৬৫)। তিনি চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের ভাই।

অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সোমভাগে বাসচাপায় নিহত হয়েছেন মোহাম্মদ আতিয়ার রহমান মোল্লা (৩৬)। তিনি ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের আবুল কাশেম মোল্লার ছেলে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *