হরতালের নামে জনগণের জান-মালের ক্ষতি সহ্য করা হবে না: হানিফ

হরতালের নামে জনগণের জান-মালের ক্ষতি সহ্য করা হবে না: হানিফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হরতালের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। হরতালের নাম দিয়ে জনগণের জান ও মালের ক্ষতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির হরতাল আহ্বানের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘হরতালের নামে বিএনপি যদি জনগণের জান ও মালের ক্ষতি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো মূল্যে তা প্রতিহত করবে।’

বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে থেকেই বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। সিটি নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই তারা শুধু অভিযোগ আর অভিযোগ করে আসছে। তাদের জনসমর্থন নেই, কর্মীবাহিনীও নেই। বিষয়টি মাথায় রেখে তারা শুধুই আওয়ামী লীগকে দোষারোপ করছে।’

হানিফ বলেন, এত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার পরও বিএনপির হরতাল ডাকাটা দুঃখজনক।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে ডাকা এ হরতাল শান্তিপূর্ণভাবে পালনে ঢাকাবাসীকে আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *