পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯৭ জনে। এ ছাড়া আরও অন্তত পাঁচ হাজার ৭০০ জনের আহত হওয়ার খবর জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত শনিবার (১৪ আগস্ট) সকালে (১৪ আগস্ট) ৭ দশমিক ২ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প হাইতিতে আঘাত হানে। ফলে ধর্মীয় উপাসনালয় ও হোটেলসহ হাইতির পশ্চিমাঞ্চলের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।


