হাইয়াতুল উলইয়ার পরীক্ষার সিদ্ধান্ত জানা যাবে ৩১ মার্চ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩১ মার্চ আবারও বৈঠকে বসে কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে। দেশের এই ভয়াবহ অবস্থায় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।
শনিবার সকাল ১০ টা থেকে রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কওমি মাদরাসার সকল পরীক্ষা বিষয়ে আগামী ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরনের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এদিকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হওয়ার কথা ছিল। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। তবে আগামী ৩১ তারিখের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
১৭ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে হওয়া গৃহীত সিদ্ধান্ত মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ জরুরি সভার লিখিত সিদ্ধান্ত নিম্নরূপ-
বর্তমানে আমরা করোনা ভাইরাস নামে আল্লাহর এক মহাপরীক্ষার সম্মুখীন। এ পরীক্ষা থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষভাবে আল্লাহর প্রতি রুজু করি এবং মসজিদ-মাদরাসাসহ ঘরে ঘরে তাওবা, ইস্তেগফার, দুআ, কান্নাকাটিতে মশগুল হই। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।
উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কওমী মাদরাসাসমূহের বিষয়ে নিম্নুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে-
০১. সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে
০২. শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে
০৩. পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলপ্রকার আজাব ও গজব থেকে হেফাজত করুন। আমীন।


