পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে নিয়মিত ক্লাস ও রোববার (২০ সেপ্টেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পরে এক ঘোষণায় তিনি একথা জানান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টানা দুদিন ধরে মাদরাসাটিতে ছাত্রদের ৫দফা দাবিতে চলমান বিক্ষাভ অবশেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শেষ হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আমাদের সব দাবি মেনে নেয়া হয়েছে বলে রাত ১২ টার দিকে সর্বশেষ ঘোষণায় ছাত্ররা জানায়। তারা বলে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সফল হয়েছে। এ জন্য শুরা সদস্যবৃন্দ, ছাত্র-শিক্ষক, এলাকাবাসী ও প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়াও গতরাত আন্দোলন শেষ হলেও আজ জুমার আগ পর্যন্ত মাদরাসার শাহী গেটে প্রবেশে কড়াকড়ি ছিল বলে জানা গেছে। ছাত্র ব্যতীত বহিরাগত কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তবে জুমার নামাজের সময় শাহী গেটের পকেট গেট খুলে সবার জন্য প্রবেশ উন্মুক্ত করা হয়।
এদিকে গতরাত সাড়ে ১২টার দিকে সদ্য মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নেয়া আল্লামা আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় করোনায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্ত মানা হচ্ছে না কারণ দর্শিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাটহাজারী মাদ্রাসা বন্ধের আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবং অবিলম্বে এ আদেশ কার্যকরের বথা বলা হয়েছে এ প্রজ্ঞাপনে।
/এএ


