পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের সাবেক প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এবার তাঁকেই সংগঠনটির আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ রোববার (২৯ আগস্ট) সাড়ে ৪টার দিকে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
রোববার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
নতুন আমির নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বলেন, খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে।
মাওলানা মীর ইদ্রিস বলেন, কওমি মাদরাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেয়া এবং বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা যান। ওইদিন রাতেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। সেই হিসেবে ১০ দিন পরই ভারমুক্ত হলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।


