১২ সেপ্টেম্বর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

১২ সেপ্টেম্বর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমণের হার দ্রুত কমছে। একইসাথে টিকা কার্যক্রম যে গতিতে চলছে সে বিবেচনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করব।

ক্লাসের পদ্ধতি কেমন হবে সে সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসবে। ক্লাস ওয়ান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন আসবে।

মাস্ক পড়ার ব্যাপারে জোরদার করে শিক্ষামন্ত্রী বলেন, মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষকের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক পরতে হবে। একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

২০২১ এবং ২০২২ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তারা প্রতিদিন ক্লাস করবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকে ৫ম শ্রেণি প্রতিদিন ক্লাস করবে। ১ম, ২য়, ৩য় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকে ৬ষ্ঠ, ৭ম, ৯ম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।

দীপু মনি বলেন, শুরুতে চার ঘণ্টা করে ক্লাস হবে। পর্যায়ক্রমে সব শ্রেণির ক্লাসের সময় বাড়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *