পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা তরুণদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তরুণরাও প্রধানমন্ত্রীর কাছে জানাবেন নিজেদের ভাবনার কথা। স্বপ্নের কথা। বাংলাদেশকে নিয়ে তাদের ভালোবাসার কথা। শেয়ার করবেন তাদের সমস্যাগুলোর কথা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ১৫০ জন তরুণ।
জানা গেছে, অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের সঙ্গে আলাপনে জানাবেন তার ব্যক্তিগত জীবনের কথা। তরুণদের নিয়ে তার ভাবনা, স্বপ্ন ও পরিকল্পনার কথাও জানাবেন তিনি। সেইসঙ্গে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথাও জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শুনবেন।
এ ছাড়াও অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। জানাবেন ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে পদক্ষেপ গ্রহণের কথা। কিভাবে বাংলাদেশটা আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় তারই কথা।
এই আয়োজন প্রসঙ্গে সিআরআই-এর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, ‘তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সাথে খোলামেলা ভাবে আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সে জন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে ‘লেটস টক’।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার ‘লেটস টক’ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘লেটস টক’।
আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টা-৫টা দেশের সব টিভি চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি লাইভ দেখা যাবে সিআরসি, ইয়ুথ বাংলাসহ অন্যান্য অনলাইন পত্রিকার ফেসবুক পেজেও।


