১৭৫ বাংলাদেশীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

১৭৫ বাংলাদেশীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লিবিয়ার বেনগাজি থেকে গতকাল সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে ১৭৫ বাংলাদেশীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। তারা সবাই অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশী নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অবৈধ অভিবাসন প্রচেষ্টার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সাথে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সহযোগিতায় যৌথভাবে কাজ করছে।

Related Articles