২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান

২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান

পাথেয় রিপোর্ট : এই বছরের এশিয়া কাপ ভারতে হওয়ার কথা থাকলেও ২০২০ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এসিসির বোর্ড সভায় জানানো হয়, ২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম সভা এসিসির।

প্রায় এক দশক ধরে পাকিস্তানে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে কেবল সেখানে খেলেছে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। এমন পরিস্থিতিতে পাকিস্তান তাদের মাটিতে এশিয়া কাপ আয়োজনে কতটা সামর্থ্য রাখে সেটাও ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ভারত সেখানে যাবে কিনা সেটা নিয়ে সংশয় না থাকার কোনও কারণ নেই।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া ২০২০ সালের এশীয় প্রতিযোগিতার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অবশ্য পাকিস্তান তাদের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করতে পারে আয়োজক হিসেবে।

নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তারা কোথায় টুর্নামেন্ট আয়োজন করবে, সেটা তাদের সিদ্ধান্ত। হতে পারে পাকিস্তানে কিংবা এবারের মতো দুবাই অথবা মালয়েশিয়ায়। আর ২০২০ সালে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেটা মাথায় রেখেই পরের আসর হবে কুঁড়ি ওভারের।’

বাংলাদেশ থেকে এর আগে তিনজন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯-১৯৯১ সাল পর্যন্ত প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মামুদ।

২০০২-২০০৪ সাল পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে ছিলেন আলী আজগর লবি। সবশেষ ২০১০-২০১২ সাল পর্যন্ত এসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

২০২০ সালের কোন মাসে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এমন এক প্রশ্নের জবাবে এসিসির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সেপ্টেম্বরের মাঝা মাঝি সময়ে এশিয়া কাপ শুরু হবে।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের স্বাগতিক ছিল ভারত। জাতীয় নির্বাচন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার কারণে ভারত সফরের অনুমতি পায়নি পাকিস্তান ক্রিকেট দল। যে কারণে সবশেষ এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

এশিয়া কাপের আগামী আসরের আয়োজক পাকিস্তান হলেও খেলা সেই নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতেই হবে। কারণ পাকিস্তান আয়োজক হলেও ভারত সেখানে খেলতে যাবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছেন, পাকিস্তানের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পিসিবি সাধ্যের সব চেষ্টাই করে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *