সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে আপনাদের ভোট প্রয়োজন : প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে আপনাদের ভোট প্রয়োজন : প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : আবার যদি ক্ষমতায় আসি, পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর প্রয়োজন হলে দ্বিতীয় পদ্মা সেতু অবশ্যই আমরা করে দেব বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আল্লাহর রহমতে তারা সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। আজ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট মোড়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে শেখ হাসিনা এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে। আমরা চাই না এই সেতুর কাজ বন্ধ হোক, চলমান উন্নয়নের কাজ বন্ধ হোক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকারে এসেই সে কাজ বন্ধ করে দেয়।’
আওয়ামী লীগ সভাপতি এ সময় ’৯৬ পরবর্তী সময়ে তাঁর সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো পরবর্তী বিএনপি-জামায়াত সরকার এসে বন্ধ করে দেওয়ার বিভিন্ন উদাহরণ টেনে বলেন, ‘বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের নানাকথায় বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবাইকে যার যার নিজের ভোট দিতে হবে এবং জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে হবে।’ প্রধানমন্ত্রী পরে ফরিদপুরের কামারপুর আব্দুল আজিজ ইনষ্টিটিউশন প্রাঙ্গণেও আরেকটি জনসভায় ভাষণ দেন।

তিনি রাজধানীতে ফেরার পথে আরো ৫টি এলাকায় নির্বাচনী জনসংযোগ এবং জনসভায় অংশগ্রহণ করবেন। এগুলোরমধ্যে রয়েছে, রাজবাড়ি মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ে রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ড এলাকা। এরআগে শেখ হাসিনা সকাল ৯ টায় টুঙ্গীপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

যাত্রা শুরুর পূর্বে তিনি জাতির পিতার সমাধি সৌধে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু করেন এবং সেদিন বিকেলে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিশাল জননভায় ভাষণ দেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আবার যদি ক্ষমতায় আসি, পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর প্রয়োজন হলে দ্বিতীয় পদ্মা সেতু অবশ্যই আমরা করে দেব। কিন্তু নির্মাণাধীন সেতুটির কাজ আগে শেষ করতে হবে। এর কাজ হয়ে গেলে পরে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করব।

প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নের জন্য দাবিও করা লাগে না, বলাও লাগে না। আওয়ামী লীগ জানে, কীভাবে আপনাদের উন্নতি করতে হয়। অনেক কিছু করে দিয়েছি, আপনারা কোনো দিন দাবিও করেননি। জাতির পিতা এই দেশ স্বাধীন করেছিলেন। তাই দেশের উন্নয়নকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি জানি- আপনাদের দাবি আছে। সেই দাবি মাথায় রেখেই আমরা অত্র অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করে দিচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে নৌকার পক্ষে রাজবাড়ীবাসীর ভোট চান।

এর আগে ফরিদপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার একটি ভোট অতিমূল্যবান। আগামী নির্বাচনে একটি আসন না পেলে সরকার গঠন করতে না পারি। এ জন্য আপনাদের কাছে আমি ভোট চাই- আপনারা হাত তুলে ওয়াদা করুন।

আওয়ামী লীগ সভাপতি জনসভায় সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশবাসীকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট প্রদানের আহবান জানান।

বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন,‘এখন দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং সেজন্য বিশ্বের স্বীকৃতিও আমরা পেয়েছি।’

তিনি বলেন, একটি দুর্নীতি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমার লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে নৌকা প্রতীকে আপনাদের ভোট একান্তভাবেই প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *