পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
রোববার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মোহাম্মদ মমিনুর রহমানকে আমরা রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আপনারা জানতে পারবেন। ওনাকে আমরা সরিয়ে দেব। তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এ মুহূর্তে করণীয় একটাই, তাকে সরিয়ে দেয়া। তাকে সরিয়ে দিয়ে উপযুক্ত অন্য একজনকে নিয়োগ দেয়া।’
সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এলে ডিসি মমিনুর রহমান ঐ প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
তবে আত্মপক্ষ সমর্থন করে ডিসি মমিনুর এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থী মোনাজাত শুরু করেন। তখন একজন মুসলমান হিসাবে তার এই মোনাজাতে শরীক না হয়ে উপায় ছিল না।



