পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
তিনি বলেন, ৫০ বছরের এই অসামান্য যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।
৩ দিনের সফরে আগামীকাল সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন।
এর আগে রবিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্টিন রাইজার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো কভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির নানা ধরনের ধাক্কার সঙ্গে লড়াই করছে। সে অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি আমি।
তিনদিনের এই সফরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তারা দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে বিশ্বব্যাংকের সহায়তা বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কদের সঙ্গে বৈঠক করবেন কাইসার।
জার্মান নাগরিক মার্টিন রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।



