মুসলিম পুরুষের একাধিক বিয়ে, এলাহাবাদ হাইকোর্টের ব্যাখ্যা

মুসলিম পুরুষের একাধিক বিয়ে, এলাহাবাদ হাইকোর্টের ব্যাখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অধিকার নিয়ে একটি মামলায় নতুন ব্যাখ্যা তুলে ধরেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। যদি কোনো মুসলিম পুরুষ তার প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে তার সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না। আর্থিক সঙ্গতি না থাকলে দ্বিতীয় বিয়ে করা বিধান বহির্ভূত কাজ বলেও মন্তব্য করেছেন আদালত।

এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি সূর্য প্রকাশ কেশরওয়ানি এবং বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ এ ব্যাখ্যা দিয়েছেন।

মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অধিকার নিয়ে একটি মামলায় নতুন ব্যাখ্যা তুলে ধরে হয়েছে এ রায়ে। সম্প্রতি এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে আগের সংসার ভেঙে নতুন বিয়ে করার অধিকারের সঙ্গে আর্থিক সঙ্গতি ও নারীর মর্যাদা রক্ষার প্রশ্ন উত্থাপন করেছিল আদালত।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একজন মুসলিম ব্যক্তি পারিবারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন। তিনি পারিবারিক আদালতে তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে প্রথমে আলাদা বাড়িতে রেখেছিলেন। তবে কিছুদিন পর তিনি তার দুই স্ত্রীকে নিয়ে এক বাড়িতেই বসবাস শুরু করেন। তারপর থেকে শুরু হয় আর্থিক অনটন।

প্রথম স্ত্রী অভিযোগ তোলেন, তার এবং সন্তানদের ভরণপোষণ ঠিক মতো হচ্ছে না। তিনি বিবাহবিচ্ছেদ চান। সেই সঙ্গে তার ও সন্তানদের ভরণপোষণের ভার স্বামীকে নিতে হবে।

এই দাবির বিরোধিতা করে প্রথম স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন স্বামী। মামলায় তিনি বলেন, ভরণপোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি তার নেই।

পারিবারিক আদালত তার এই আবেদন মঞ্জুর না করে প্রশ্ন তুলেছে, আর্থিক সঙ্গতি না থাকলে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন কেন?

পারিবারিক আদালতের এ রায়ের বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন সেই স্বামী। সম্প্রতি উচ্চ আদালত তাদের রায়ে বলেছেন, আর্থিক সঙ্গতি না থাকলে দ্বিতীয় বিয়ে করা বিধান বহির্ভূত কাজ।

উচ্চ আদালত এ ব্যাপারে পবিত্র কোরআনের ব্যাখ্যাকে হাতিয়ার করেছে। বিচারপতি বলেছেন, কোরআন এ ধরনের দ্বিতীয় বিয়ে অনুমোদন করে না। কারণ, তাতে আর একজন নারীকে অমর্যাদা ও বঞ্চনা করা হয়। দ্বিতীয় বিয়ে কোনো অবস্থাতেই প্রথম স্ত্রীর মৌলিক অধিকার খর্ব করার কারণ হতে পারে না।

  • সূত্র: জী নিউজ, দ্য ওয়াল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *