আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণ আটক ২

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণ আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে এক পোশাক শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। এদিকে, এ ঘটনায় ওই কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় পেনটা ফোর্ড এ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাঠগড়া দুর্গাপুর এলাকায় ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। গত বুধবার জরুরি শিপমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাইট ডিউটি করায়। পরে কারখানার চতুর্থ তলায় নাইট শিফটে কাজ করার সময় চতুর্থ তলার ওই শ্রমিককে ধর্ষণ করে ফিনিশিং ইনচার্জ শাহিনুর ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন।

পরে  সোমবার বিষয়টি ওই নারী সব শ্রমিককে জানালে তারা ওই দুই কর্মকর্তাকে গ্রেফতারের দাবিতে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এ সময় ওই কারখানার ১০ জন শ্রমিক আহত হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে কারখানায় গিয়ে ধর্ষণকারী শাহিনুর (৩০) ও রুবেল হোসেনকে (২৯) আটক করে থানায় নিয়ে যায়।

গতকালের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। এদিকে, কারখানার ভেতরে শ্রমিক গণধর্ষণের শিকার হওয়ায় স্থানীয় শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ওই কারখানার অ্যাডমিন ম্যানেজার জুয়েল জামাল বলেন, ধর্ষণের শিকার ওই শ্রমিককে উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত জাভেদ আব্দুল আওয়াল বলেন, ধর্ষণের শিকার ওই শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

________________

patheo24,/105

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *