পাথেয় ডেস্ক : (মোজাফফর নগর.০৬ জুলাই) কাসবার পার্শ্ববর্তী এলাকা ছোট মসজিদে ৬ জুলাই জমিয়তে উলামা হিন্দ মোজাফফর নগরের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তের মোজাফফর নগর সভাপতি মুফতি বিনিয়ামীন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুফতি মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী।
তিনি তার বক্তব্যে বলেন, জমিয়তে উলামা হিন্দ ভারতীয় স্কাউটের সাহায্যে যুবসম্প্রদায়কে বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে দেশ ও জাতির জন্য প্রস্তুত করছে। আলহামদুলিল্লাহ, জমিয়তের প্রধান নেতা সাইয়্যেদ মাহমুদ আসআদ মাদানীর দিকনির্দেশনায় তা খুব দ্রুতই এগুচ্ছে।
তিনি বলেন, যুবসম্প্রদায় দেশ ও জাতির সম্পদ। তাদের দেখভাল ও মৌলিক শিক্ষাপ্রদানের দায়িত্ব আমাদের সকল দায়িত্বশীলদের। ভারতীয় স্কাউটের সাহায্যে জমিয়তে উলামা হিন্দ মাদরাসা শিক্ষার্থীদের সাথে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের জমিয়ত ইয়ূথ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করে বিশেষ প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে যুবকদের ভেতর ভালো মানুষ হয়ে ওঠার সাথে সাথে সৃষ্টির সেবায় নিয়োজিত হবার অভিপ্রায় তৈরী হয় এবং সময়ানুযায়ী তাদের এ প্রশিক্ষণ দেশ ও জাতীর প্রয়োজনে আসবে।
তিনি উদাহরণ টেনে বলেন, কোনও ট্রেন দুর্ঘটনার সময় তৎক্ষনাৎ সাহায্যের প্রয়োজন হয়। সুতরাং এমন সঙ্কট সময়ে যদি ভারতীয় স্কাউটের প্রশিক্ষণপ্রাপ্ত একদল যুবক প্রস্তুত থাকে তাহলে সেসময় অবশ্যই বিশাল এক উপকার হবে।
অনুষ্ঠানের সভাপতি এবং জমিয়তের মুজাফফর নগর চেয়ারম্যান মুফতী বিনিয়ামীন উপস্থিত যুবকদের জমিয়ত ইয়ুথ ক্লাবের ছায়াতলে আসার আহ্বান করেন এবং জমিয়তের কার্যক্রমের উপর বিশেষ দৃষ্টিপাত করেন।
শেষে জমিয়ত সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী দেশ ও জাতীর কল্যাণকামনা করে দোআ করেন।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : আখবারে মাশরেকী. দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


