পাথেয় রিপোর্ট : জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র উস্তাদ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
পাথেয়টোয়েন্টিফোরকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন রোবার দুপুর ১১টা ৪৫ মিনিটে মাওলানা আহলুল্লাহ ওয়াসেল ইন্তেকাল করেছেন।
কখন জানাযা হবে জানতে চাইলে মাওলানা আবুল হাসানাত আমিনী জানান, এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানা যাবে।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে, জামিআ কুরআনিয়া লালবাগে অন্যদিনের মতেই আজও তিনি উপস্থিত ছিলেন। সকালের দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব বলেন, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল অল্প বয়সেই চলে গেলেন। বড় ধরনের কোনো সমস্যা ছিল না তার। কিছুটা শ্বাসকষ্ট ছিল এবং দীর্ঘদিন ধরে এর ওষুধ নিয়ে আসছিলেন।
মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের জন্ম নরসিংদীর মনোহরদীতে। তবে তার শৈশব কেটেছে নানা বাড়ি ময়মনসিংহের ইশ্বরদীতে।
মাওলানা আহলুল্লাহ ওয়াসেল জামিয়া নূরিয়াতে জামাতে জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন। সে কারণে হাফেজ্জি হুজুর রহ. এর সাহচর্য পেয়েছেন।
তিনি দাওরায়ে হাদিস শেষ করেন লালবাগ জামিয়া থেকেই। তারপর মুফতি ফজলুল হক আমিনী রহ. এর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মাওলানা আহলুল্লাহ ওয়াসেল একসময় ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক ছিলেন। লিখেছেন বিভিন্ন বই। যে কারণে মিডিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন।
ব্যক্তিগতভাবে তিনি ২ সন্তানের জনক। তার দুই ছেলে মাদানীনগর ও আল কাউসার মাদরাসায় পড়াশোনা করছে।
মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের বাবা মাওলানা ফখরুদ্দীন একজন খ্যাতিমান আলেম। ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার প্রতিষ্ঠাতা তিনি।


