পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহ শব্দটিকে পৃথিবীর হৃদয় হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, পৃথিবী বেঁচে আছে একটি শব্দের জন্যে। এই শব্দটি হলো আল্লাহ। যখন পৃথিবীতে আল্লাহ শব্দ থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমনকি একটা গাছের পাতাও যখন আল্লাহ আল্লাহ জিকির করা বন্ধ করে দেয়, তখন সে ঝরে পড়ে।
মিজানের পাল্লায় আল্লাহ শব্দটি পাহাড় থেকেও ভারী হবে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের ওজন পৃথিবীর সবকিছু থেকে বেশি। কোন কোন ব্যক্তির ক্ষেত্রে কিয়ামতের দিন মিজানের পাল্লায় আল্লাহ শব্দটি পাহাড় সমপরিমাণ গুণাহ থেকেও ভারী হবে। আল্লাহ তায়া’লা মহাবিশ্বের সব কিছুকে যে মানুষের আয়ত্বাধীন করে দিয়েছেন। আর মানুষ ও জ্বিনকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্যে। আল্লাহ আল্লাহ জিকির করার জন্য।
২৬ অক্টোবর শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
মানুষের সমাজে বেঁচে থাকা নির্ভর করে মাদরাসা-মসজিদের ওপর মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, মৌলিকভাবে মাদরাসা-মসজিদ হলো আমাদের প্রাণ, দ্বীনের মারকাজ। মাদরাসা-মসজিদ না থাকলে পৃথিবীতে আল্লাহওয়ালা লোক থাকবে না, আর আল্লাহওয়ালা লোক না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
মসজিদ আবাদ রাখতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মসজিদ মুসলিম উম্মাহের মিলনমেলার জায়গা। দিনে পাঁচ বার মুসলমানরা এখানে একত্র হয়ে থাকে। মসজিদকে সবসময় আবাদ রাখতে হবে। মসজিদ বিরান হয়ে গেলে মসজিদ ওই এলাকার বাসিন্দাদের অভিশাপ দেয়। আর মসজিদে আবাদ রাখে মাদাসারা শিক্ষার্থীরা। মাদারাসা ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান মসজিদকে কীভাবে আবাদ রাখতে হয় সেই শিক্ষা দেয় না।
কওমি মাদরাসা স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রীকে আবারও অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলাম ও উলামায়ে কেরামকে ভালোবাসেন। এখন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে শোকরিয়া সংবর্ধনা দিবেন কওমি উলামায়ে কেরাম।
৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে এই শোকরিয়া সংবর্ধনায় হাজির থাকার আহ্বান জানান আল্লামা মাসঊদ।
গ্রন্থনা : আদিল মাহমুদ

