আন্তর্জাতিক ডেস্ক ● ভারত মহাসাগরে চীনকে টেক্কা দেয়ার জন্য বিমানবাহী জাহাজ নির্মাণ কাজের গতি কমিয়ে ভারতের অর্থনৈতিক উন্নয়নে বেশি করে মনোযোগ দেয়া উচিত নয়াদিল্লির। সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘নয়াদিল্লি সম্ভবত একটি বিমানবাহী জাহাজ নির্মাণে খুব বেশি উৎসাহী। দেশটি এখনও শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে আছে এবং বিমানবাহী জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশটির বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যা থাকবে।’
‘গত কয়েক দশকে বিমানবাহী জাহাজ নির্মাণের ক্ষেত্রে ভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে। কিন্তু দুই দেশের প্রাপ্ত ফলাফলে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছে।’
গ্লোবাল টাইমস বলছে, ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নয়াদিল্লির বিমানবাহী জাহাজ নির্মাণের দ্রুততর প্রক্রিয়ায় কম আগ্রহী হওয়া উচিত এবং দেশটির অর্থনীতিতে আরও বেশি মনোযোগ দেয়া উচিত।
নৌবাহিনীর ব্যাপক বিস্তারের মাঝে সোমবার বাহিনীর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চীন। চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২০টিরও বেশি দেশে বন্ধুত্বপূর্ণ সফরের উদ্দেশ্যে সোমবার সাংহাই ত্যাগ করেছে।
গ্লোবাল টাইমসের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি ও বিদেশি বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে দেশটির নৌবাহিনী নতুন মিশন হাতে নিয়েছে। যার লক্ষ্য হচ্ছে, বিদেশে দেশটির স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা।’
ফলে নৌবাহিনীর জন্য সামরিক কৌশলে পরিবর্তন এনেছে চীন এবং নন নতুন চাহিদা মোকাবেলায় বিদেশে চীনা নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো আবশ্যক হয়েছে বলেন সামরিক বিশেষজ্ঞ সং ঝংপিং।


