‘সৌদির সন্দেহভাজন ১৮ জনের মধ্যেই খাসোগির খুনি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই সাংবাদিক জামাল খাসোগির খুনি রয়েছে দাবী করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনের মধ্যেই খাসোগির খুনি রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে তুরস্ক। এজন্য সন্দেহভাজনদের তুরস্কের কাছে হস্তান্তর করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।

শুক্রবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রাদেশিক নেতাদের সমাবেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এদিকে খাসোগির বাগদত্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। অপরদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খাসোগি হত্যাকাণ্ডের বিচার সৌদিতে হবে।

সৌদি আরবের কাছে এরদোগান এটাও জানতে চেয়েছেন যে, জামাল খাসোগিকে হত্যার নির্দেশ কে বা কারা দিয়েছে। একই সঙ্গে খাসোগির লাশেরও সন্ধান দাবি করেছেন তিনি। তুর্কি তদন্তকারীদের কাছে খাসোগি হত্যাকাণ্ডের অনেক প্রমাণ রয়েছে। যেগুলো এ পর্যন্ত প্রকাশ করা হয়েছে তার চেয়েও বেশি তথ্য তাদের কাছে রয়েছে। সময় হলে সেগুলো প্রকাশ করা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, খাসোগি হত্যার স্থানীয় সহায়তাকারীদের পরিচয় প্রকাশ করতে হবে সৌদি আরবকে। খুনি স্কোয়াড তুরস্কে আসার নির্দেশ কে দিয়েছে তুরস্ক তা জানতে চায়।

সৌদি আরবের মাটিতেই সাংবাদিক খাসোগি হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। তুরস্ক খাসোগি হত্যায় সন্দেহভাজন ১৮ জনকে প্রত্যার্পণের দাবি জানানোর একদিন পর শনিবার সৌদি আরব এ কথা বলল। জুবেইর বলেন, প্রত্যার্পণের ইস্যুটির ক্ষেত্রে ওই ব্যক্তিরা সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক আছে, তদন্ত সৌদি আরবে হচ্ছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক লৌহবর্ম দিয়ে সুরক্ষিত। খাসোগি হত্যাকাণ্ডে সৌদি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েনের যে খবর বেরিয়েছিল তাকে ‘গণমাধ্যমের হিস্টিরিয়া’ বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করে সৌদিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। যা আরব উপসাগরীয় দেশগুলো সমর্থন করতে পারে।

এদিকে সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যায়। তিনি বলেছেন, জামাল খাশোগি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ক্ষেত্রে ট্রাম্প মোটেই আমার আন্তরিক মনে হচ্ছে না এবং এ কারণে আমি ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। শুক্রবার তুরস্কের ‘হাবেরতুর্ক টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে খাশোগির বাগদত্তা খাদিজা বলেন, আমেরিকার জনমতকে প্রভাবিত করার লক্ষ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি মনে করছেন। আর এই জন্যে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত প্রত্যাখ্যান করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *