এরশাদের জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন মাসুদ উদ্দিন চৌধুরী
পাথেয় রিপোর্ট : ২০০৭-০৮ এর আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ঘোষণা করা হয়েছে।
ওয়ান-ইলেভেনের সময় আলোচিত সেনা কর্মকর্তা। একই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিরক্ষা উপদেষ্টারও দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক মাসুদ চৌধুরীকে দলের প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচন করতে চান সাবেক এই সেনা কর্মকর্তা।
গত শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন মাসুদ চৌধুরী। এরপর গত বুধবার জাপার মনোনয়নও কেনেন তিনি। বৃহস্পতিবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গিলে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
প্রসঙ্গত, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লে. জেনারেল হন। এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসরগ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।।
২০০৮ সালের ২ জুন মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। ৮ জুন তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
টানা ছয় বছর হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে দেশে ফেরেন। দেশে ফিরে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনের আগ্রহের কথা জানিয়েছিলেন।
ঢাকায় জাতীয় পার্টির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরীর মনোনয়নপ্রাপ্তি অনেকটা নিশ্চিত। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলটির ফরম কিনে জমাও দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের পরামর্শ অনুযায়ী জাতীয় পার্টিতে যোগ দেন এবং রাতারাতি দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ পান।
এলাকার উন্নয়ন ও দেশের মানুষের জন্য কাজ করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ, দলটির পদপ্রাপ্তির সত্যতা নিশ্চিতও করেছেন তিনি।


