ইসরাইলী ঘনিষ্ঠতাকে ফিলিস্তিনের প্রতি বিশ্বাসঘাতকতা বললো হামাস
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হামাসের মুখপাত্র সামি আবুজুহরি তাঁর ব্যক্তিগত টুইটে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতাকে ফিলিস্তিনের নির্মম নির্যাতনের শিকার নারীর শিশু ও ভুলুণ্ঠিত মানবতার প্রতি বিশ্বাসঘাতকতা উল্লেখ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রধান শত্রু। আরব দেশগুলো এই দখলদার শক্তির কর্মকর্তাদের সংবর্ধনা জানালেও মুসলিম উম্মাহ কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
তিনি কুদস দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া বন্ধ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আরব দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তাদের সফর আল-আকসা মসজিদকে উপেক্ষা, ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মারা এবং মুসলিম উম্মাহর প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে প্রকাশ্যে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৫ অক্টোবর ওমান সফর করেন এবং তারপর একাধিক ইসরাইলি মন্ত্রী ওমান সফরে যান।
নেতানিয়াহু ওমান সফর শেষে দাবি করেন, আরো বেশ কয়েকটি আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর শুক্রবার জানিয়েছে, নেতানিয়াহু শিগগিরই বাহরাইন সফর করবেন।
সৌদি আরবের নেতৃত্বে কিছু আরব দেশ এমন সময় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে যখন তেলআবিব ১৯৬৭ সালের পর থেকে অন্তত ৪২ হাজার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে।
প্রসঙ্গত, সৌদি আরব ও ইসরাইল আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ায় ইসরাইলি পাসপোর্টধারীরা সরাসরি সৌদি আরবে যেতে পারবে বলে খবর প্রকাশ করেছে এ পত্রিকাটি। এদিকে দখলদার ইসরাইলিদের সরাসরি সৌদি আসার আসার পথ সুগম হলেও অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরব প্রবেশে বাধা দেয়া হচ্ছে।
সৌদি রাজতান্ত্রিক সরকারের এ আচরণের কারণে ১৯৪৮ সালে ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।
তবে সম্প্রতি সৌদি সরকারারের এমন পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরবের একদল আলেম। দখলদার ইসরাইলের সঙ্গে এমন সুসম্পর্ক আচরণ মোটেও ভালো চোখে দেখছেন না দেশের আলেমরা । ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় তারা সৌদি সরকারের সমালোচনা করে বলেছেন, এ পদক্ষেপ ইসরাইলকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেয়ার শামিল।


