মাহে রামাদানের আহবান | ফারুক নওয়াজ
ফিরে এল ফের মাহে রামাদান পুণ্য বারতা নিয়ে…
এসো হে মানুষ ভালো হয়ে যাই ধান্দামি ভুলে গিয়ে।
এই এক মাস মিথ্যা বলো না, ঘুষও খেয়ো না ভুলে…
মেয়েদের বলি, বোরখা না পরো; আব্রু রেখো না খুলে।
মোল্লা-হুজুর জানি আপ্নারা– এ-মাসে থাকেন চামে..
যাকিছু করেন — পুণ্য এ-মাসে জড়ান না গেঞ্জামে।
মাদ্রাসা আর মসজিদে যেন না ঘটে বেদাত কিছু…
ওয়াজের নামে বখিলেরা যেন না লাগে নারীর পিছু।
তোমরা যাহারা ডাক্তার হয়ে রোগীকে করিবে হেলা–
হাশরের দিনে পাইবে না মাফি বুঝিবে কেমন ঠেলা!
আমলা কামলা মন্ত্রী এমপি পলিটিশিয়ান যতো…
কথা ও কর্মে ব্যালেন্স রাখিয়া চলুন সাধ্যমতো।
এই একমাস শুধু একমাস ঠিকমতো এসো চলি;
পথে-ঘাটে-বাসে ভুলেও না যেন অকথা কুকথা বলি।
জানি হে মানুষ তোমরা বেহুদা শুনিবে না ভালো কথা-
তবু বলি এই একমাস শুধু মেনে চলো কৃচ্ছ্রতা!
রোজাও রাখিবে, ঘুষও খাইবে, জড়াবে ফালতু কামে..
এমন হইলে সরাসরি তুমি ঢুকিবে জাহান্নামে।।


