বাদশাহ সালমানের সঙ্গে আল্লামা মাসঊদের সাক্ষাৎ; শায়খ সুদাইসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাদশাহ সালমানের সঙ্গে আল্লামা মাসঊদের সাক্ষাৎ; শায়খ সুদাইসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (২৯ মে) এক বর্ণীল সন্ধ্যায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

রাবেতাতুল আলম আল ইসলামী আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারী নেতৃস্থানীয় আলেমদেরকে বিশেষ ইফতার অনুষ্ঠানে এ সাক্ষাত দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মক্কার আস সাফা রাজপ্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সৌদির শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেয়ায় ও নাগরিক সুবিধা সম্বলিত গ্রীনকার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়ায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশবাসীর পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ জানান সৌদি বাদশাকে।

প্রসঙ্গত, বাংলাদেশের রেমিট্যান্স আয়ের বড় অংশই সৌদী আরবের প্রবাসী বাংলাদেশীদের অবদান।

রাবেতাতুল আলাম আল ইসলামী আয়োজিত ‘কিয়ামুল ওয়াসাতিয়্যা ওয়াল ই’তিদাল’ শীর্ষক সেমিনারের স্মারকলিপি হস্তান্তর উপলক্ষেই এই সাক্ষাতের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্বের গণ্যমান্য আলেম ওলামা ও মুফতিগণ। অংশগ্রহণকারী ১৮০ টি দেশের মধ্য থেকে ৫১ টি দেশের উলামাদের এই অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়।

সেমিনারের স্মারকলিপিতে সন্ত্রাস জঙ্গীবাদ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। এতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও জুমআর খুতবায় এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে উক্ত সমস্যাগুলো নিরসন হতে পারে। ধর্মীয় জাতীগত ও সংস্কৃতিক বৈষম্য ভুলে সহাবস্থান জোড়দার করতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয় তাতে। ধর্মীয় উপাসনায় আক্রমণ চালানো বর্বরোচিত বলে আখ্যায়িত করে আন্তর্জাতিক ভাবে আইনী নিরাপত্তা চাওয়া হয় স্মারকলিপিতে।

এছাড়াও মসজিদুল হারামের ইমাম ও খতীব শায়খ আব্দুর রহমান আস-সুদাইসের সাথে সাক্ষাৎ করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এসময় তিনি তাঁকে গত সফরে পবিত্র কা’বা ঘরে প্রবেশের আমন্ত্রণ জানানোর জন্য শায়খ সুদাইসকে কৃতজ্ঞতা জানান এবং তাঁকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য যে, রাবেতাতুল আলাম আল ইসলামী এর আমন্ত্রণে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. ‘কিয়ামুল ওয়াসাতিয়্যাহ ওয়াল ই’তিদাল’ শীর্ষক সেমিনারে যোগদান করেন এবং নির্ধারিত বিষয়ের উপর সারগর্ভ বক্তৃতা প্রদান করেন।

বক্তব্যে তিনি বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ তায়ালার মহান নেয়ামত হলো ইসলাম। সমগ্র বিশ্ববাসীকেই এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আকিদা তাওহীদ ও আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে আপতিত কল্যাণের ধর্ম ইসলাম হলো শান্তি সৌহার্দ্য, ভালোবাসা, সহমর্মিতা, সহিষ্ণুতা ও ভাতৃত্বের পরিপূর্ণ এক জীবনাদর্শ। এই উম্মাহকে কোরআন মাজিদে উম্মাতান ওয়াসাত অর্থাৎ মধ্যমপন্থী উম্মাহ বলে অভিহিত করা হয়েছে।

সমগ্র বিশ্ববাসীকে ইসলামের সুশীতল ছায়ায় আসার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানাই, ইসলামের সুশীতল ছায়ায় একত্র হয়ে শান্তির পৃথিবী গড়ে তুলতে। হিংস্রতা ও নিষ্ঠুরতার পথ থেকে তওবা করে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও অনন্ত কামিয়াবির পথে ফিরে আসার আহ্বান জানাই জঙ্গি ও সন্ত্রাসীদের।

রাবেতা আলম আল ইসলামীর এ আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে রোববার (১৯ মে) দিবাগত রাত ১টা ৪০ এর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে আছেন ব্যারিস্টার মাওলানা জুনুদুদ্দীন মাকতূম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *