দুরুদ পড়লে নবীজীর সঙ্গে সম্পর্ক গভীর হয় : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : দুরুদ শরীফ নবীজীর সঙ্গে সম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, দুরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি লাভ করা যায়। দুরুদ মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ।
তিনি বলেন, আমাদের পেয়ারে নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাঁর উপর দুরুদ প্রেরণ করা। বেশি বেশি দুরুদ পড়ুন, নবীজীর সঙ্গে সম্পর্ক তৈরি করুন।
আল্লামা মাসঊদ বলেন, দুনিয়ামুখী হয়ে, দুনিয়ার প্রেমের পড়ে উম্মত প্রেমের মানুষ নবীজীকে ভুলে যাচ্ছে। তাঁর উপর দুরুদ প্রেরণের কথা ভুলে যাচ্ছে। অথচ নবীজীকে ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ। তাঁর প্রেমের মগ্ন থাকা, দুরুদ শরীফ পড়া আমাদের দায়িত্ব।
শনিবার (২৬ অক্টোবর) বাদ এশা বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা শাখা আয়োজিত রাজধানীর মুহাম্মদবাগ নুরে মুহাম্মদীয়া জামে মসজিদে ইসলাহী প্রোগ্রামে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এ খলিফা এসব কথা বলেন।
প্রতিদনি নির্দিষ্ট একটা সময় আল্লাহ ও তাঁর নামের জিকির করার কথা উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘আল্লাহ ও তাঁর নামের জিকির’। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লাহর নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ ও আল্লাহর নামের জিকিরের চাইতে মধুর কোন শব্দ নেই।
ইসলাহী প্রোগ্রামে আরও বয়ান করেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম রামপুরা মাদরাসায় মুহতামিম মাওলানা ইয়াহয়া মাহমুদ, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী।
ইসলাহী প্রোগ্রাম সঞ্চালনা করনে আল কারীম তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা এহতেশামুল হক। এশারের নামাজের পর দুরুদ শরীফের আমল পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন। প্রোগ্রাম আয়োজক কমিটির সদস্য বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানার সভাপতি মাওলানা শোয়াইব আহমদ উপস্থিত সকলের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রোগ্রাম শেষে মোনাজাতের আগে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে এবং নবীজী সা.-কে আমলে রাখতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে এবং নবীজীকে আমলে রাখো, তাহলে জান্নাত তোমার জন্য অনিবার্য হয়ে যাবে।



