‘আল্লাহ রব্বুল আলামিন, নবীজী রাহমাতুল্লিল আলামিন’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহ তাআলা রব্বুল আলামিন, নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আল্লামা তাআলা নবীজীকে বিশ্বজগতের হেদায়ত ও নাজাতের জন্য রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। নবীজী কেবলমাত্র মুমিন কিংবা মানুষের জন্য রহমত, বিষয়টা এমন নয়, বরং নবীজী গাছ-পালা, বৃক্ষ-লতা, পশু-পাখি সমস্ত মাখলুকাতের জন্য রহমত।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা এসব কথা বলেন।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের সমাজের মানুষজন নবীজীকে রবিউল আউয়াল মাসেই স্মরণ করে। ১২ রবিউল আউয়াল নবীজী শানে মিলাদ, কিয়াম, জশনে জুলুসের আয়োজন করে। অথচ অন্যান্য দিনে কিংবা মাসে নবীজীর কথা তাদের মনে পড়ে না। নবীজীকে তারা ভুলে যায়। তারা যদি প্রকৃত পক্ষে নবীজীকে ভালোবাসতো, তাহলে সারাবছরই ভালোবাসার আলামত নিশ্চয়ই তাদের কাজে কর্মে প্রকাশ পেত।
নিজের জীবনের চাইতেও নবীজীকে বেশি ভালোবাসতে হবে মন্তব্য করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, নবীজী হলেন সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী ও রাসূল। তাঁর উপর ঈমান রাখা ও তাঁকে নিজের চেয়েও ভালোবাসা মুমিনের একান্ত কর্তব্য। আমাদের ঈমান শুধু তখনই সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ হবে, যখন নবীজীর প্রতি আমাদের ভালোবাসা পৃথিবীর সবকিছু, এমনকি আমাদের নিজ জীবন অপেক্ষা অধিক হবে।
সারাজীবন নবীজীকে সঙ্গে রাখতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, শুধু ১২ রবিউল আউয়াল নবীজীকে স্মরণ করলে চলবে না। সবসময় নবীজীকে স্মরণে রাখতে হবে, সঙ্গে রাখতে হবে। তোমার জীবনের প্রতিমুহূর্ত তুমি নবীজীর জীবনের আলোকে সাজাতে হবে। নবীজী যে সময় যা করেছেন তুমিও তাই করতে হবে।
আল্লামা মাসঊদ বলেন, নবীজীকে সঙ্গে রাখার সহজ তিনটি উপায় আছে। যে ব্যক্তি এই তিনটি কাজ করবে, সে কোন কষ্টসাধ্য ব্যতিত নবীজীকে সবসময় সঙ্গে রাখতে পারবে, নবীজীর জীবনের আলোকে নিজের জীবন সাজাতে পারবে। তিনটি উপায় হলো- ১। নবীজীকে ভালোবাসতে হবে। ২। পূর্ণাঙ্গভাবে নবীজীর ইত্তেবা করতে হবে। ৩। বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে। এই দিনটি কাজ করলেই নবীজীকে সঙ্গে রাখার সহজ হয়ে যাবে।
গ্রন্থনা : আদিল মাহমুদ


