পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলাহী প্রোগ্রামে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে তাকওয়া মাদরাসায় যাচ্ছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বাংলাদেশ জমিয়তুল উলামার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাদ মাগরিব তাকওয়া মাদরাসায় মিলনায়তনে ইসলাহী প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি।
তাকওয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান জানান, আল্লাহর মেহেরবানীতে আমরা প্রস্তুত। এলাকার সাধারণ মানুষজনকে আমরা দাওয়াত করেছি। ইনশাআল্লাহ অনুষ্ঠানটি যথা সময়ে শুরু হবে। আলোচনা শুরু হবে বাদ মাগরিব থেকে।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন রাজধানীর সবাইকে তাকওয়া মাদরাসায় আত্মশুদ্ধির প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমরা দেশব্যাপী আত্মশুদ্ধিমূলক প্রোগ্রাম ও ইজতেমা করছি। এরই মধ্যে আমরা রাজধানীতেও মানুষের হৃদয় গড়ার প্রশিক্ষণ আমরা নিতে চাই। তাকওয়া মাদরাসায় এমনই একটি অনুষ্ঠান হবে। আপনারা আসুন।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও তাকওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা এসব আত্মশুদ্ধির প্রোগ্রাম করছি। খুলনায়, ময়মনসিংহে, নোয়াখালী, ফেনী, ফরিদপুর, সিলেট ও রংপুরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা আমরা করেছি। আমরা সারাদেশে এই ইসলামী ইজতেমা করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। আপনারা বৃহস্পতিবার আসুন আমার মাদরাসায়। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাতে চাই।


