নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পরিচয়পত্রের নম্বর (এনআইডি) ছাড়াও ৩৮তম বিসিএসের আবেদন করা যাচ্ছে জানিয়ে সরকারি কর্ম কমিশন বলেছে, চূড়ান্ত ফল প্রকাশের আগে যে কোনো সময় এনআইডি চাওয়া হবে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, অপশন দুটোই রেখেছি, এনআইডি ছাড়াও আবেদন করা যাবে। তবে এক পর্যায়ে এনআইডি চাইব। যদি কারও এনআইডি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা না পায় তবে তা কমিশনকে জানাতে হবে। বিসিএসের আবেদন করে ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে নেছারউদ্দিন বলেন, সেজন্যই বিসিএসের আবেদনের সময় এনআইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও এনআইডি পুরোপুরি বাধ্যতামূলক করা হয়নি। কমিশন আস্তে আস্তে সেটা বাধ্যতামূলক করবে। এখন অপশন দুটোই রাখা হয়েছে। এনআইডি ছাড়াও আবেদন করা যাচ্ছে। এনআইডি নেই এমন অনেকেই ইতোমধ্যে ৩৮তম বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন বলে জানান নেছারউদ্দিন। এই নিয়োগ বিজ্ঞপ্তির ১৪ (৬) অনুচ্ছেদে বলা হয়েছে, এনআইডি নম্বর অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে। কমিশন কর্তৃক নির্দেশিত সময় তা প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এনআইডির মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।
আবেদন করতে হবে যেভাবে : প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছিলেন, এনআইডি ছাড়া কেউ বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন না। একটা সিম কিনতে যদি এনআইডি লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে যদি এনআইডি লাগে, তো বিসিএস পরীক্ষা দিতে কেন আইডি নম্বর চাইব না? এতদিন যে এটা হয়নি এটাই তো বরং ভাল না, বলেছিলেন তিনি। কারও এনআইডি না থাকলে কি হবে এমন প্রশ্নে সাদিক তখন বলেছিলেন, তাহলে আমি তার পরীক্ষা নিতে পারছি না। যার আইডি নাই, আইডি সম্পর্কে যার সন্দেহ থাকবে, এটা তো একটা সমস্যা। আর ১৮ বছরের নিচের কেউ তো পরীক্ষা দিচ্ছে না। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। পরীক্ষকদের দেয়া নম্বরের ব্যবধান ২০ এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন। নবগঠিত ময়মনসিংহ বিভাগেও ৩৮তম বিসিএসের পরীক্ষা হবে। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রশ্ন থাকবে। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে বলেও পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন।


