জামিআ ইকরা’তে প্রতিবছরই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি জামিআ ইকরা বাংলাদেশ ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ ও জামিআ ইকরার শিক্ষকদের সঙ্গে কর্ডোবা একাডেমী, ইউ.কে চেয়ারম্যান শায়খ আবু বকর দানিয়ালের ফিডব্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ফিডব্যাক মিটিং সিদ্ধান্ত হয় জামিআ বাংলাদেশ ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আগামী বছরসহ প্রতি বছরই বাংলাদেশে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। প্রাচীন মুহাদ্দিসীনে কেরামের রীতি অনুযায়ী সনদ গ্রহণ-প্রদানের এধারা বাংলাদেশে অব্যাহত রাখবে জামিআ ইকরা বাংলাদেশ।
মিটিংয়ে কর্ডোভা একাডেমি চেয়ারম্যান শায়খ দানিয়াল জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এ কনফারেন্সের সহযোগি সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে হাজির হওয়া বিভিন্ন দেশের মাশায়েখগন জামিয়া ইকরার এই আয়োজন নিয়ে নিজেদের ভালোলাগা ও খুশি প্রকাশ করেছেন আমার কাছে। জামিআ ইকরার শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতা ও আপ্যায়নে তারা খুবই প্রীত। আগামীর আয়োজনেও তারা অংশগ্রহণে আগ্রহী বলে জানান শায়খ দানিয়াল।’
উল্লেখ, ঢাকাস্থ মাদরাসাগুলোতে ছুটি চলাকালীন সময়ে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। এজন্য আগামী বছর থেকে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস রজব মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
সনদ প্রদান ও গ্রহণের এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে হাদীসচর্চার আগ্রহ, উৎসাহ-উচ্ছ্বাস আরও বেগবান হওয়ার আশাবাদিতা ব্যক্ত করে মিটিংয়ে আল্লামা আরীফ উদ্দীন মারুফ বলেন, ‘আমরা চাই বাংলাদেশে হাদীসচর্চায় প্রাচীন মুহাদ্দিসীনে কেরামের সেই শওক ও যওক ফিরে আসুক। বাংলাদেশে এই জন্যই আমাদের আন্তর্জাতিক হাদিস কনফারেন্সের আয়োজন।’
ফিডব্যাক মিটিং শেষে শায়খ আবু বকর দানিয়ালকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানান জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
প্রসঙ্গত, ১৭ জানুয়ারি শুক্রবার জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে পবিত্র হাদীসের সনদ সুরক্ষার বার্তা দিয়ে শেষ হয়েছিল জামিআ ইকরা বাংলাদেশ ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আন্তর্জাতিক হাদীস কনফারেন্স।
৬ দিনব্যাপী আন্তর্জাতিক হাদীস কনফারেন্স শুরু হয়েছিল ১২ জানুয়ারি ২০২০ রোববার সকাল ১০টা থেকে। কনফারেন্সে সুনানে তিরমিযী শরীফের আদ্যোপান্ত পাঠ করা হয় এবং হাদীসে মুসালসালাতের দরস প্রদান করা হয়।


