দেশে হোম কোয়ারেন্টাইনে ২৩১৪ জন : আইইডিসিআর
পাথেয় রিপোর্ট : দেশে এখন হোম কোয়ারেন্টিনে ২৩১৪ জন। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয় বলে বিশ্লেষকগণ বলছেন। তবে দেশে এখন পর্যন্ত ২৩১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আরো জানান, এখন পর্যন্ত আইসোলেসনে আছেন ১০ জন।
রোববার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় তিনি বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তারা এ নির্দেশনা অমান্য করলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হবে।
এদিকে শনিবার দেশে নতুন করে আরও দু ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী এখন ভালো হয়ে গেছে। দুজনকে ছেড়েও দেওয়া হয়েছে। একজনকে আজ ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে আরো দুজন রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দুজনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।
বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি বলেও তিনি জানান।


