মাদানি খলিফার ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

মাদানি খলিফার ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

মাদানি খলিফার ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর বিশিষ্ট খলিফা মাওলানা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শোকবার্তায় তিনি বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। মাওলানা আব্দুল মুমিন (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ও মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর বিশিষ্ট খলিফা ছিলেন। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একদিকে আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন, অপরদিকে দীনের মুবাল্লিগ ও নিবেদিতপ্রাণ কর্মী তৈরি করার জন্য কাজ করেছেন। আল্লাহ তাআলা তাঁর সাথে খায়রের ফায়সালা করুন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবী আসলে থাকার জায়গায় নয়। আমাদের প্রিয় নবীজী (সা.)-ও চলে গেছেন। আজ আমরা মাওলানা শায়খে ইমামবাড়ীকেও হারালাম। তাঁকে হারিয়ে যে ক্ষত তৈরী হয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, সে শূন্যতা পূরণে আমাদের কাজ করে যেতে হবে।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন মাওলানা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সূত্রে জানা যায়, শায়খে ইমামবাড়ির জানাজা বুধবার (৮ এপ্রিল) বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *