নারায়ণগঞ্জে মসজিদে নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক ও তদন্তের দাবি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মুসল্লিরা এখনে নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার করে থাকেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আল্লাহর ঘরে মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে যারা মারা গেছেন, আল্লাহ তাদের ক্ষমা করে করুন, শহীদের মর্যাদা দান করুন, পরকালকে সুন্দর করুন।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ক্ষতিগ্রস্ত ও আহতদের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সরকারসহ সব বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানও বড় ইবাদত।
বৈদ্যুতিক সর্ট সার্কিট ও পাইপলাইনের ফুটো থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনাটি তদন্তের দাবি জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করে আনতে হবে। সঠিক কি কারণে এই মসজিদে এসি বিস্ফোরণ হয়েছে।


