যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে নেতানিয়াহু

যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে নেতানিয়াহু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে সাড়া দিয়ে শিগগিরই বাহরাইন সফরে যাচ্ছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে আরব আমিরাতের পর বাহরাইন হলো মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ, যারা প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয় বলে জানালেও পরে মত পাল্টায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‌‘খুব অল্প সময়ের মধ্যেই আমরা নিজেদের দেশ ও জাতির কল্যাণে এটা করতে সক্ষম হয়েছি। বাহরাইনের যুবরাজ আমাকে শিগগিরই তার দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আমি খুবই উত্তেজিত। আমি খুব খুশি হয়েছি।’

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি কর্মকর্তা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সৌদি আরবের নিওমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর দেয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-ও উপস্থিত ছিলেন। পরে অবশ্য সৌদি আরবের তরফ থেকে ওই বৈঠকের খবর অস্বীকার করা হয়।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চেষ্টা চালিয়ে যায়। এর আগে সুদানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। মঙ্গলবার ইসরায়েলি প্রতিনিধিদল সুদান সফর করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মধ্যপ্রাচ্যে আরো আগ্রহী দেশ রয়েছে। তবে সেটা ২০ জানুয়ারির আগে আর হচ্ছে না। ইরানের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক কী হতে পারে, তার ওপরই তা নির্ভর করছে।

এদিকে বাইডেন বলেছেন, ক্ষমতায় গেলে তিনি ইরানের সঙ্গে ২০১৫ সালে করা চুক্তিতে ফিরে যাবেন। চুক্তিটি নিয়ে সবার সঙ্গে আলাপ করে এটাকে আরো কীভাবে নিশ্ছিদ্র করা যায়, তা নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *