আজ ইজতেমার প্রথম দিন, জুমা পড়াবেন আল্লামা মাসঊদ

আজ ইজতেমার প্রথম দিন, জুমা পড়াবেন আল্লামা মাসঊদ

আজ ইজতেমার প্রথম দিন, জুমা পড়াবেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে আহাম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। আগামি রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

ইসলাহী ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজকে জুমার নামাজের ইমামতি করবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই মুসল্লিরা জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার মুসল্লিদের ঢল আরও বাড়তে থাকলে ইজতেমায় কার্যক্রম শুরু করে দেয়া হয়। ইজতেমায় অংশ নিতে ট্রেন, নৌকা, বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো মুসল্লি ইজতেমা মাঠে সমবেত হচ্ছেন। তাঁরা জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। মুসল্লিদের উদ্দেশে প্রস্তুতিমূলক বয়ান করেন মাওলানা শাইখুল ইসলাম হবিগঞ্জী। তিনি ইজতেমায় আসা মুসল্লিদের তিন দিন অবস্থানের নিয়মকানুনের বয়ান করেন।

মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা।

তিনি বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহতায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে আজ থেকেই তাড়াইলের বেলঙ্কায় অবস্থান করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। ২১ ফেব্রুয়ারি ইজতেমার আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

প্রসঙ্গত, প্রতিবছরই শীতের সময় কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে মানুষের আধ্যাত্মিক পরিবর্তনের প্রত্যাশায় ভাটির মানুষের দ্বীনী উন্নয়নে এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে এই ইজতেমার। এখানে বিশেষ ব্যবস্থায় নারীদের জন্যও আলাদা আলোচনা শোনার সুযোগ আছে। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, যুবক-তরুণদের জন্যও আলাদা আলাদা বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বাইয়াতেরও সুযোগ থাকে। প্রতিবছরই কেউ না কেউ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের খেলাফত লাভে ধন্য হন।

পাথেয়/আ.মা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *