পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতাকামী নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পুলিশের গত কয়েক দিনের টানা আক্রমণের পর এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও আল আকসায় পুলিশি আক্রমণের প্রতিবাদে ফিলিস্তিনের গাজা থেকে সহিংসতা কবলিত জেরুজালেমের আশপাশে প্রায় দেড় শতাধিক রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইসারাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে জেরুজালেম এলাকায় রকেট নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত ‘রেড লাইন’ অতিক্রম করার পর তারা ফিলিস্তিনি ভূখণ্ডটির সশস্ত্র গোষ্ঠী, রকেট লঞ্চার ও সামরিক পোস্টগুলোতে হামলা চালিয়েছে।
রয়টার্স জানিয়েছে, গভীর রাত পর্যন্ত গাজা থেকে রকেট নিক্ষেপ ও সেখানে ইসরায়েলি বিমান হামলা চলতে থাকে। স্থানীয় ফিলিস্তিনিরা গাজা সিটি ও পুরো উপকূলীয় ভূখণ্ডটিজুড়ে বড় ধরনের বিস্ফোরণ হচ্ছে বলে জানাতে থাকে।


