পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতির ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। মাদক সেবন ও বিক্রির অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
এডিসি হাফিজ আল আসাদ বলেন, ‘গ্রেপ্তার ৪২ জনের কাছ থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ৪২৪ গ্রাম ৪৩০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


