হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : মিয়ানমারের অব্যাহত ঔদ্ধত্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী। সোমবার বেলা ৩টায় আমীরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। এ সময় তিনি মিয়ানমারের এমন বলদর্পী আচরণের বিষয়ে দেশবাসী ও সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। রোহিঙ্গাদের বিতাড়নে মিয়ানমারের সাহস বেড়ে যাওয়া এবং তাদের ফেরত না নেয়ার অপকৌশল হিসেবে এসব শয়তানি কর্মকাণ্ডের অবতারণা বলে মন্তব্য করেন তিনি।
হেফাজত আমীর বলেন, মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে। সময় থাকতে তাদের উচিত জবাব দেয়া দরকার। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তারা সীমান্তে সেনা বাড়াচ্ছে এবং বাঙ্কার খনন করছে। বাংলাদেশের সঙ্গে গায়ে পড়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা চালাচ্ছে। এভাবে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে যাতে ফেরত নিতে না হয়, সেজন্যই এ ধরনের বিতর্ক ও প্রতিবন্ধকতার পাঁয়তারা চালাচ্ছে তারা। এ ব্যাপারে বাংলাদেশকে সতর্কভাবে পদক্ষেপ নিতে এবং সাহসিকতার পরিচয় দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে লেকের মসজিদ সরানোর বিষয়ে হেফাজত আমীর বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটা সরানোর অধিকার কারও নেই। কারণ কোনো জায়গায় একবার শরয়ী মসজিদ নির্মিত হলে সেটা স্থানান্তর করা যায় না। কাজেই প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, মসজিদটি পুনরায় নির্মাণ করুন। মসজিদ শোভা বর্ধনে প্রতিবন্ধক নয়।


