বিশিষ্ট ৬০ নাগরিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

বিশিষ্ট ৬০ নাগরিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন পেশার ৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বৈঠকে বিশিষ্ট নাগরিকদের মতামত নেয়া হবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বিশিষ্টজনদের ইমেইলের মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে বৈঠকে বসার জন্য বুধবার থেকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে অনেকের নাম পাঠিয়েছে।

বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বসবে সার্চ কমিটি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার (২টি) ও রোববার (১টি) মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি।

প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলের মাধ্যমে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *