আইপিইউ সম্মেলনকে প্রহসন বললেন মির্জা ফখরুল

আইপিইউ সম্মেলনকে প্রহসন বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশে আইপিইউ সম্মেলন একটা প্রহসন বলে মনে করছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধূরী, চৌধুরী কামলা ইবনে ইউসুফ, আহমেদ আজম খান সিনিয়র যুগ্মমহাসচিব রুহল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন। তিনি বলেন, ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বের যেসব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে, তাদের প্রতিনিধিত্বকারি পার্লামেন্টের যে সকল সদস্য এই অধিবেশনে যোগ দিয়েছেন তাদের অভিনন্দন জানাই। কিন্তু একইসঙ্গে বিস্ময় প্রকাশ করছি এই বলে, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না- গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেফতার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউর এই সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়।

লিখিত বক্তব্যে মির্জা ফখরুল, গত রোববার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে গৃহীত বেশকিছু সিদ্ধান্ত তুলে ধরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদের সাবেক স্পিকার জমির উদ্দীন সরকার বলেন, আইপিইউর সদস্যরা নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।

কিন্তু বাংলাদেশের জনগণের কোনো প্রকৃত প্রতিনিধিত্ব নেই। যারা প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তারা সবাই ভুতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেছেন, আইপিইউ সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন এ দেশে সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *