আখেরি মোনাজাতে শেষ হলো জয়পুরহাটে ইজতেমা

আখেরি মোনাজাতে শেষ হলো জয়পুরহাটে ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জয়পুরহাটে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী ইজতেমা। আজ ৩ নভেম্বর শনিবার বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রায় দুই লাখ মুসল্লির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জয়পুরহাটে তিন দিনের তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা।

জানা যায়, জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই ইজতেমায় আখেরি মোনাজাত হয় শনিবার দুপুর ১২টায়। দোয়া পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের মাওলানা আবদুল্লাহ সাহেব।

এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুরসহ দেশ-বিদেশের প্রায় ২ লাখ মুসল্লি এই ইজতেমায় অংশ নেন।

উল্লেখ্য, জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে আয়োজিত এ ইজতেমায় জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে সমবেত হয়েছিলেন লাখো মুসল্লি। ইজতেমা প্রাঙ্গণকে ঘিরে নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এক মাস থেকে সাথী ও কর্মীরা এ কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আর এ কাজে নানাভাবে সহযোগিতা করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জয়পুরহাট পৌরসভা। এ ইজতেমাকে কেন্দ্র করে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ওই মাঠে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলা এবং পার্শ্ববর্তী নওগাঁ ও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার প্রায় ১৫-১৬ হাজার ধর্মপ্রাণ মুসল্লি বৃহস্পতি, শুক্র ও শনিবার মাঠে অবস্থান করে।

ইজতেমার আয়োজকরা জানিয়েছিল, শুক্রবার এ ইজতেমা মাঠে অনুষ্ঠিত জুমার নামাজে দূরদূরান্ত থেকে আসা প্রায় অর্ধলক্ষ মুসল্লি শরিক হন। ইজতেমা মাঠে ঢোকার জন্য পৃথক কয়েকটি গেট তৈরি করা হয়েছে। কোন উপজেলার মুসল্লিরা কোথায় বসবেন আগে থেকেই তার স্থান নির্ধারণ করা হয়েছে। তাদের জন্য রয়েছে সুপেয় পানি ও ল্যাট্রিনের চমৎকার সুব্যবস্থা। এ ছাড়াও বিদ্যুৎ, পানি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। ইজতেমায় নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। চার স্তরের নিরাপত্তাবলয়ের পাশাপাশি দূরবীক্ষণ যন্ত্রে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কাজে এ মাঠে পুলিশের একটি অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপন করে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *