আলজেরিয়া প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে লাখো মানুষের বিক্ষোভ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাখো লাখো মানুষ আল জেরিয়ার রাজপথে নেমে এসেছে। তারা দেশটির প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার পদত্যাগের দাবিতে সোচ্চার। পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত তারা ছাড়বে না রাস্তা। আলজেরিয়ার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে তারা।
শুক্রবার রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ করেছে লাখো জনতা। দেশটির অন্যান্য স্থানেও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। সরকারবিরোধীরা বলছেন, সারা দেশে ১০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
আলজেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে গণ আন্দোলন চলছে। শুক্রবার ষষ্ঠ সপ্তাহের মতো রাজধানী আলজিয়ার্সে আয়োজিত কর্মসূচি বিশাল বিক্ষোভে পরিণত হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা বলছেন, ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট বুতেফ্লিকা। নিজের শাসনকাল দীর্ঘায়িত করতে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হন বুতেফ্লিকা। এরপর খুব কমই প্রকাশ্যে এসেছেন তিনি। গত মাসে পঞ্চম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর তার বিরুদ্ধে গণ-বিক্ষোভ শুরু হয়।
সূত্র : রয়টার্স, বিবিসি


