আল্লামা মাসঊদের হাতে বায়আতের আহবান জানালেন ইমাম কাসেম

আল্লামা মাসঊদের হাতে বায়আতের আহবান জানালেন ইমাম কাসেম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলিফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের হাতে বায়আতের আহবান জানিয়েছেন হযরত কাসেম নানুতাবী রহ.-এর বংশধর ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসেম রশিদ আহমদ।

তিনি বলেন, বাইআত করা ও বাইআত হওয়া নবীজী (সা.) ও সাহাবায়ে কেরামের সুন্নাত। তাই আপনাদের কাছে আমার আহবান আপনারা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের হাতে বাইআত হয়ে নিজেদের আত্মশুদ্ধির মেহনত করবেন। হজরতের দেওয়া সবক আদায় করে দিলের অবস্থা পরিবর্তন করবেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের দিলকে পরিশুদ্ধ করে দেন।

কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা জামিয়াতুল ইসলাহ ময়দানে তিন দিনব্যাপি ইজতেমার তৃতীয় দিন রোববার (৬ মার্চ) সকালে আগত মুসল্লীদের উদ্দেশ্যে ইসলাহী বয়ানে এ আহবান জানান ইমাম কাসেম।

ইজতেমায় উপস্থিত হয়ে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোর মতো এ বছরও ইজতেমায় অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। লন্ডন ও ইউরোপবাসীর পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।

আত্মশুদ্ধি জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে জানিয়ে ইকরা টিভির চেয়ারম্যান বলেন, আমরা ইসলাহী ইজতেমায় এসেছি আত্মশুদ্ধি লাভ করার জন্য। আর আত্মশুদ্ধি লাভের অর্থ তিনটি।

এক. ভালো জিনিসকে আরও ভালো করে তোলা।
দুই. ভালোর মধ্যে খারাপের অনুপ্রবেশ থেকে বাঁচিয়ে রাখা।
তিন. খারাপ হয়ে যাওয়া জিনিসকে ভালো করে তার আগের অবস্থায় নিয়ে যাওয়া।

মাওলানা ইমাম কাসেম রশিদ আহমদ আরও বলেন, জিকিরের তিন অবস্থা।

এক. মুখে জিকির করা।
দুই. মুখে মুখে জিকির করতে থাকলে একটা অবস্থায় দিলও জিকির করবে।
তিন. জিকিরের এরপরের স্তরে চলে গেলে একটা পর্যায়ে শরীরের চামড়াও জিকির করবে।

এভাবে যখন শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ জিকির করবে, তখন বুঝবো আমরা জিকিরের প্রভাব পেতে শুরু করেছি।

দিলের অবস্থাকে পরিবর্তন করতে হলে করণীয় কী তা জানাতে গিয়ে ইমাম কাসেম বলেন, দিলের অবস্থাকে পরিবর্তন করতে হলে আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে। যত বেশি তাঁদের সোহবতে থাকা যাবে, দিলের অবস্থা ততোই উন্নত হবে। তাঁদের সোহবতে থেকে জিকিরের মশক করতে হবে। আর যার দিল জিকির থেকে গাফেল থাকে তার অনুসরণ করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *