পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লাহকে পাওয়ার উপায় রাসূলকে ভালোবাসা জানিয়ে বালাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহকে পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন।
তিনি বলেন, যে রাসূলকে যত বেশি অনুসরণ করে আল্লাহ তাকে তত বেশি ভালবাসেন। রাসূল সা. এর প্রতি দুরূদ পাঠের চেয়ে বড় ইবাদত নফলের মধ্যে আর নেই। রাসূলের মুহাব্বতে দূরুদ পড়লে কিয়ামতের কঠিন প্রহরে শাফায়াতের আশ্রয় লাভ হবে। রাসূলের ভালোবাসায় দুরূদ পাঠ বিপদাপদকে দূর করে দেয়।
সোমবার (২৮ ডিসেম্বর) বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আলাদাউদপুর সাহেব বাড়ি মসজিদে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ইসলামি প্রোগ্রামে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লাহকে পাওয়া আমাদের পরম উদ্দেশ্য উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, যে আল্লাহ কে পাইল সে পৃথিবীর সব পাইল। আল্লাহকে না পেয়ে যদি ফেরাউনের মত রাজত্ব, নমরুদের মত সম্রাট, আবু জাহেলের মত সর্দারী, কারূনের মত সম্পদ পায়; তাতে কোন লাভ নেই। অন্যদিকে কিছু নাই, সম্পদ নাই, চেহারা নাই, কিন্তু আল্লাহকে পেয়েছে সে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি।
আল্লামা মাসঊদ বলেন, আল্লাহকে পাইতে হলে আগে তাঁকে দিলের সাথী বানাতে হবে। মনের সব জঞ্জাল দূর করে সেখানে একমাত্র আল্লাহকে বসাতে হবে। আল্লাহ অনেক গাইরাতওয়ালা। আল্লাহ সব কিছু সহ্য করেন। কিন্তু দিলে যখন আল্লাহ ছাড়া অন্য কিছুকে জায়গা দেয় তখন আল্লাহ খুব অসন্তষ্ট হন। দিলে গাইরুল্লাহকে রাখলে যদি মৃত্যু বরণ করে তাহলে কোন নবীর সুপারিশ ও কবুল হবে না।
তিনি বলেন, আমলের সাথী বানাতে হবে রাসূল সা. কে। আমলের নকশা আমেরিকা থেকে নয়, ব্রিটেন থেকে নয়, চীন থেকে নয়, মাও সে তুং নয়, বার্টেন্ড রাসেলও নয়; বরং আনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে । নকশা বানাতে হবে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত।
রাসূলকে চিনতে হবে সাহাবিদের থেকে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে সাহাবিদের কাছে আসতে হবে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার সাহাবেদের যাকেই ধরতে পারবে, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ সম্পর্কে শয়তান মানুষকে গুমরাহ করতে পারে, নবীজীকে নিয়েও শয়তান গুমরাহ করতে পারে কিন্তু সাহাবায়ে কেরামকে ধরে ফেলতে পারলে আর গুমরাহ করতে পারবেনা।
শুধু চিল্লাইয়া ঈমান টিকানো যাবেনা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, হুংকার দিয়ে ঈমান টিকানো যাবে না। যতক্ষণ না আমরা আমাদের আমলকে সাহাবায়ে কেরামের আমলের সাথে না মিলাতে পারব ততক্ষণ ঈমানে পূর্ণতা আসবে না।
/এএ


