ইনসাফগার রাষ্ট্রপ্রধান হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পায় : আল্লামা মাসঊদ

ইনসাফগার রাষ্ট্রপ্রধান হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পায় : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রপ্রধান ইনসাফগার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, রাষ্ট্রপ্রধানের অনেকগুলো গুণাবলী থাকতে হয়। তবে রাষ্ট্রপ্রধান ইনসাফগার হলে সে সুন্দর ভাবে নাগরিকদের অধিকার দায়িত্ব আদায় করতে পারবে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে।

জনসাধারণের অন্ন ও জীবনের নিরাপত্তা প্রদান রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব দাবি করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মানুষ তার জীবনের নিরাপত্তা চায়। মান-সম্মান, ইজ্জতের নিরাপত্তা চায়। মানুষ সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে চায়। তার জীবন পরিচালনা করতে চায়। আল্লামা মাসঊদ বলেন, মানুষ সবকিছুর যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ক্ষুধার যন্ত্রণার কাছে অন্যসব যন্ত্রণা তুচ্ছ। তাই রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব জনসাধারণের অন্ন ও জীবনের নিরাপত্তা দেয়া।

মক্কা পৃথিবীর বড় আজিব একটা জায়গা উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, সেই পৃথিবীর আদিকাল থেকে মক্কায় কোন চাষাবাদ হয় না, ফল-ফসলাদী উৎপন্ন হয় না, তারপরও পৃথিবীর সব ভালো ভালো জিনিসগুলো মক্কায় পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা নিজেই মক্কাবাসীর অন্ন ও জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।

৪ জানুয়ারি শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

দেশে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে ইসলামিক রাষ্ট্র হওয়া শর্ত নয় মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, আমি হাদীসের প্রচুর কিতাব পড়েছি, কিন্তু কোথাও লেখা পাইনি মদীনা ইসলামিক রাষ্ট্র। অথচ মাদানী সব ইসলামিক রাষ্ট্রের মডেল। ইসলামিক রাষ্ট্র নাম রেখে যদি দেশে সুশাসন ও ইনসাফ না থাকতো তাহলে এমন ইসলামিক রাষ্ট্রের কোন মূল্য নেই। ইসলামিক রাষ্ট্রের নামকরণ মূল বিষয় নয়। মূল বিষয় কাজ করা। ইনসাফ প্রতিষ্ঠা করা।

আল্লামা ফরীদ মাসঊদ বলেন, যে ভাবেই হোক নির্বাচন হয়েছে। সরকার গঠন হয়েছে। জনগণ ভোট দিয়েছে। এখন সরকার আমাদের চাওয়া পূর্ণ করলেই হবে। আমাদের অন্নের ব্যবস্থা করতে হবে। জীবনের নিরাপত্তা দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অধিকার আদায় করতে হবে।

সরকার যাতে ইনসাফগার হয়, জনগণের কল্যাণকামী হয়, এই জন্য মসজিদের উপস্থিত মুসল্লীদের দুআ করার আহ্বান জানান আল্লামা মাসঊদ।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *