একজন দরদী মানুষের আহবান

একজন দরদী মানুষের আহবান

আমিনুল ইসলাম কাসেমী  

সত্যি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব একজন হৃদয়বান মানুষ। অসহায় ফিলিস্তিনি মানুষের পাশে তিনি দাঁড়াতে বিশ্ব নেতাদের আহবান জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশ সরকারকে মজলুম ফিলিস্তিনিদের পাশে থাকার অনুরোধ করেছেন।

আলেম–উলামা এবং ইসলামী সংগঠনগুলোর মধ্যে তাঁর সংগঠন ‘বাংলাদেশ জমিয়তুল উলামা’ বর্বর জাতি ইসরাইল কর্তৃক মজলুম ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। হয়ত তাঁর বিবৃতি আমাদের ফেসবুকারদের কাছে তেমন হাইলাইট হয়নি। আমরাও কেউ সেটাকে তেমন প্রচার করতে পারিনি। তবে তাঁর পদক্ষেপটা সত্যি অত্যন্ত মূল্যবান। তাঁর অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জমিয়তুল উলামা’ এর পক্ষ থেকে তিনি বিবৃতি দিয়ে ছিলেন, যেটা অনেক মিডিয়ায় এসেছে। 

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। তিনি মজলুম ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের তিনি আহবান করেছেন। ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে বড় পুণ্যের কাজ। সেই অবস্থায়তাঁর মত বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলারের এমন সাহসী উচ্চারণ জরুরী ছিল। আর তিনি সেই কাজটি করলেন।

আল্লামা মাসঊদ সাহেব গণমাধ্যমে এক বিবৃতিতে সেদিন যা বলেছেন তা অত্যন্ত সময়পোযোগী। ‘তিনি  শেখ জাররা এলাকা থেকে নিরীহ ফিলিস্তিনিদের অস্ত্রের মুখে উচ্ছেদ ও আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে আমাদের প্রত্যেকের স্ব–স্ব স্থান থেকে এই হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা উচিৎ।

বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, কোনো ফাঁকা বুলি নয়, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

বাংলাদেশ সদাসর্বদা ফিলিস্তিনের পাশে আছে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশ সরকারকে বাংলাদেশ জমিয়তুল উলামা অনুরোধ করেছে, অনতিবিলম্বে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদিসহ ফিলিস্তিনে একটি সুপ্রশিক্ষিত মেডিক্যাল টিম প্রেরণ করুন। এক্ষেত্রে ফিলিস্তিনের করোনা পরিস্থিতিও আমাদের সামনে রাখতে হবে– যোগ করেন তিনি।

আল্লামা মাসঊদ বলেন, বঙ্গভ্যাক্সসহ বাংলাদেশে উৎপাদিত করোনাভাইরাসের টিকা বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত হলে ফিলিস্তিনকে যেন অগ্রাধিকার দেয়া হয় এই বিষয়টিও আমরা সরকারকে বিবেচনায় রাখতে অনুরোধ করবো।’

সবচেয়ে ভালো লাগলো, আল্লামা মাসঊদ সাহেব ফিলিস্তিনে একটা সুপ্রশিক্ষত মেডিকেল টিম প্রেরণ করতে বলেছেন। যেটা একটা সুন্দর পরামর্শ। সেই সাথে বঙ্গভ্যাক্স যেটা করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে উৎপাদিত হওয়ার সমুহ সম্ভবনা রয়েছে, সেটা রপ্তানী যোগ্য হলে ফিলিস্তিনিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। 

অত্যন্ত হৃদয়বান মানুষের কথা এটা। তাঁর মত বিশ্ব বরেণ্য ব্যক্তির এমন কথা সত্যি প্রশংসনীয়। তিনি যেভাবে এদেশে আলেম–উলামা এবং সাধারণ জনতার কথা ভাবেন, ঠিক সেভাবে বিশ্বের অসহায় মুসলিমের কথা চিন্তা করছেন। তাদের পাশে দাঁড়াবার জন্য বিশ্ব নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারকে আহবান করেছেন।

আল্লামা মাসঊদ সাহেবের ‘বাংলাদেশ জমিয়তুল উলামা’ এদেশের মানুষের ব্যাপক খেদমত লক্ষ্য করা যায়। সারাটা বছর তাঁর সংগঠন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলাতে জমিয়তুল উলামার কার্যক্রম রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কন্যাদায়গ্রস্থ মানুষকে সাহায্য করা, যৌতুক বিহীন বিবাহের ব্যবস্থা, অন্ন–বস্ত্রহীন মানুষকে অন্ন–বস্ত্র দান করা, গরীব–সহায়–সম্বলহীন মানুষকে আশ্রয় প্রদান, অসুস্থ মানুষকে চিকিৎসা প্রদান, এরকম বহুমুখী কাজের আঞ্জাম দিয়ে থাকে তাঁর সংগঠন। পুরোটা বছর জুড়ে তাঁর সংগঠন মানুষের পাশে থাকে।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে কওমী মাদরাসার ঐতিহ্য

বর্তমান বিশ্বের এই পরিস্থিতিতে ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় হয়ে পড়েছে। এই অবস্থাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সব ভেদাভেদ ভুলে অসহায় মানুষকে সাহায্য করা জরুরী। আল্লামা মাসঊদ সাহেব এমনই একজন উম্মাহরদরদী রাহবার। তিনি অসহায় ফিলিস্তানিদের পাশে দাঁড়াতে সকলকে আহবান করেছেন।

শুকরিয়া আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব। আপনার এই দরদী আহবান পৌঁছে যাক সকলের কাছে। হৃদয়ে ঢুকে যাক সকল মানুষের। আল্লাহ তায়ালা মুসলিমদের হেফাজত করেন। সেই  সাথে আপনার নেক হায়াত  কামনা করি। আল্লাহুম্মা আমিন।

লেখক: শিক্ষক ও কলামিষ্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *